দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দুই উপজেলার প্রায় ৬৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় বিদ্যুৎ বিভাগ জানায়, সোমবার রাত ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আংশিকভাবে সংযোগ চালু করা হয়। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল ফোন নেটওয়ার্ক, ইন্টারনেট ও ওয়াইফাই সেবাও অনেক এলাকায় অচল হয়ে পড়ে। এতে জরুরি প্রয়োজনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।
রৌমারীর বাসিন্দা বেলাল হোসেন বলেন, কয়েকদিন ধরেই দিনে-রাতে অল্প সময়ের জন্য বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মাস শেষে বাড়তি বিল গুনতে হচ্ছে।
যাদুরচর এলাকার সামিউল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। অনলাইনে ঢোকা কিংবা কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত যানবাহনের চালকেরা। অটোভ্যানচালক আব্দুল করিম বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চার্জ দেওয়া যাচ্ছে না। ফলে গাড়ি নিয়ে বের হতেও পারছেন না। ঈদ সামনে থাকলেও আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে রৌমারী ও রাজিবপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে ছোট-বড় প্রাকৃতিক দুর্যোগে লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, এলাকায় একটি সাবস্টেশন স্থাপন করা হলে এমন দুর্ভোগ অনেকটাই কমে আসত। মঙ্গলবার সন্ধ্যায় মূল লাইন চালু হয়েছে এবং রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, ঝড়-বৃষ্টির সময় প্রায়ই গাছ ভেঙে বিদ্যুতের লাইনের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে অনেক সময় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়।
জে আই